তেলসহ নিত্যপণ্যের শুল্ক ছাড়ে প্রজ্ঞাপন আজ



কাগজ প্রতিবেদক : আমদানিনির্ভর ভোজ্যতেলসহ নিত্যপণ্যের ওপর থেকে শুল্কছাড় বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে আজ সোমবার। গতকাল বিকালে দ্রব্যমূল্য পরিস্থিতি ও বাজার পর্যালোচনা সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় বৈঠকে এমন সিদ্ধান্ত হয়। সেই সঙ্গে নিত্যপণ্যের বাড়তি দাম ইস্যুতে টাস্কফোর্স গঠনের ঘোষণার পাশাপাশি নিয়ম না মানলে অ্যাকশনে যাওয়ারও হুঁশিয়ারিও দেয়া হয়। সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সভাপতিত্বে এ বৈঠকে আরো

উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রমজানকে সামনে রেখে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে নিত্যপণ্যের মজুত নিয়ন্ত্রণসহ শুল্ক (ভ্যাট-ট্যাক্স) কমানো বা তুলে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। পাশাপাশি ওএমএস কার্যক্রম ও পণ্যের সরবরাহ বাড়ানো এবং মজুত নিয়ন্ত্রণ করার সিদ্ধান্ত হয়েছে। ভোজ্যতেল, চিনির ওপর কতখানি শুল্ক কমানো যায়, আমরা শিগগিরই একটা ঘোষণা দেব। বিশ্বজুড়েই ভোজ্যতেলের দাম বেড়েছে উল্লেখ করে তিনি আরো বলেন, আমরা প্রতিদিনই দেখছি দাম বাড়ছে। সেটার প্রভাব আমাদের দেশেও আসছে। ইউক্রেন-রাশিয়ার যুদ্ধে জ্বালানির সরবরাহ, গ্যাসের সরবরাহ কিছু কিছু জায়গায় কমছে। সেটা সারা বিশ্বেই কমছে। আমাদের বাংলাদেশও এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে কিংবা হবে। গমের সাপ্লাই- যেহেতু ইউক্রেন ও রাশিয়া থেকে আসত, সেইখানেও আমরা একটা অসুবিধায় পড়তে পারি, দাম বেড়ে যেতে পারে। কীভাবে এটা নিয়ন্ত্রণে রাখতে পারব কিংবা একটা সহনীয় পর্যায়ে রাখতে পারব, সেজন্য আজকের (গতকাল) সভাটি হয়েছে।
স্বল্পমূল্যে জনগণের কাছে খাদ্যপণ্য পৌঁছে দিতে এখন থেকেই ওএমএসের কার্যক্রম বাড়ানো হবে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দ্রব্যের যে সাপ্লাই চেইন সেটা নিয়ন্ত্রণের চেষ্টা করব। একই সঙ্গে সরবরাহ ও মজুতের উৎস নজরদারিতে রেখে যে কোনো উপায়ে যাতে দাম অস্বাভাবিক বাড়ানো না হয় তা তদারকির ব্যবস্থা করা হবে।
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি সাংবাদিকদের বলেন, আমরা বলতে চাই, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সুযোগ নিয়ে কোনো অসাধুতা যেন প্রশ্রয় না পায়। এজন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব। আমাদের আইনশৃঙ্খলা বাহিনীকে নিয়োজিত করা হবে। আমরা দু-একদিনের মধ্যে টাস্কফোর্স গঠন করব, যাতে কেউ সুযোগটা না নিতে পারে। যারা অপচেষ্টা করছেন, তাদের বিরুদ্ধে কিন্তু আমরা অ্যাকশনে যাব।


SHARE THIS

Author:

Previous Post
Next Post